দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আমরা থামব না। ইনশাআল্লাহ, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। প্রিয় সিলেটবাসী লড়াইয়ের জন্য প্রস্তুত হোন। ডাক এলে সবাইকে সাড়া দিতে হবে। ঘরে ঘরে সেই আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। শনিবার (২৫ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই কথাগুলো বলেন।
তিনি বলেন, বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। আমরা স্পষ্টভাবে বলতে বাধ্য হচ্ছি। যারা সরকার পরিবর্তনের আন্দোলনে ছিলেন, তারা ভুলে গেছেন-সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পদাঙ্ক ধরেই তারা আবারও পথচলা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া ও নির্লজ্জভাবে দুর্নীতিকে লালন-পালন করতে চাইছে। আমরা তা মানব না। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। যদি ফ্যাসিবাদ দমন না করেন, তাহলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে। তখন জনগণ আর আপনাদের কথা শুনবে না। তাই বলছি, আপনারা বিষয়টি মেনে নিন। যদি না মানেন, তাহলে ইনশাআল্লাহ এই দেশের মানুষ জীবন দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে শিখেছে, অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াতে হয়, তা শিখে নিয়েছে।