আব্দুল আহাদ,স্টাফ রিপোর্টার::
সিলেটের দক্ষিণ সুরমা বঙ্গবীর রোড এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আনোয়ারপুর সংলগ্ন লাউয়াই শাপলা গেইটের সামনে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে আঘাত করে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই সামনে থাকা সিএনজি ও মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তায় থাকা যাত্রীরা ছিটকে পড়েন। দুর্ঘটনার পরই চারদিকে আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই স্থানীয় উৎসুক ও সচেতন জনতা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। তারা রক্তাত অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনায় নিহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।