আব্দুল আহাদ :: সিলেটের বালাগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার। গতকাল শনিবার (২৬ জুলাই) অপরাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে বালাগঞ্জ থানায় যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর এক শুভেচ্ছা বার্তায় নবনিযুক্ত ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে সালাম ও শুভেচ্ছা জানান। একই সাথে তিনি এলাকায় মাদক, চোরাচালান, জুয়াসহ সব ধরনের অপরাধ দমন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, “একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ বালাগঞ্জ গড়ে তুলতে পুলিশ এবং সাধারণ জনগণের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঠিক তথ্য, সুপরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
জনগণের আস্থা অর্জনকে প্রাধান্য দিয়ে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এদিকে, নতুন ওসির যোগদানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর নতুন কর্মজীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। বালাগঞ্জে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।