আব্দুল আহাদ,প্রতিবেদক::
বিশ্বনাথ থেকে জগন্নাথপুরগামী আঞ্চলিক সড়কের কালীগঞ্জ বাজারসংলগ্ন অংশে মারাত্মক দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। বাজার পার হতেই দুটি ইটের ভাটার (ব্রিক ফিল্ড) অবৈধ মাটি আনা-নেওয়ার কারণে পুরো সড়কের অবস্থা এখন অত্যন্ত ভয়াবহ। বড় বড় গর্ত ও কাদামাটিতে একাকার হয়ে রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইটের ভাটার মাটি বহনকারী ভারী ট্রাক ও ড্রাম ট্রাকগুলো বেপরোয়াভাবে সড়কের ওপর দিয়ে মাটি পরিবহন করছে। ট্রাক থেকে কাদা ও মাটি খসে পড়ে এবং ভারী যানবাহনের চাপে পিচঢালা সড়ক ভেঙে ছোট-বড় মরণফাঁদে পরিণত হয়েছে।
এই সড়কটি সিলেট থেকে বিশ্বনাথ হয়ে জগন্নাথপুর যাতায়াতের অন্যতম প্রধান রুট। দৈনিক হাজার হাজার মানুষ এই পথে চলাচল করেন। সড়কের এই করুণ দশার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বেশি বিপদে পড়ছেন জরুরি চিকিৎসাসেবা প্রার্থী ও মুমূর্ষু রোগীরা। সিলেটের বিভিন্ন হাসপাতালে দ্রুত পৌঁছানোর জন্য ব্যবহৃত এই পথটিতে রোগীদের চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় খানাখন্দে ভরা রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে গিয়ে বা ঝাঁকুনিতে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে।
বিশ্বনাথবাসীর পক্ষে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন অনতিবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়। পাশাপাশি যেসব ব্রিক ফিল্ডের মালিক ও পরিবহনকারী অবৈধভাবে মাটি কেটে সড়কের ক্ষতি করছেন এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছেন, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।